
নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে মামা-চাচা যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে এবং যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই।
সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের হলরুমে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি শেরপুরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের পাশাপাশি কিছু বৈধ অস্ত্রও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অবৈধ অস্ত্র ব্যবহারের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা, ড্রোন ও আধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। যথাসময়ে ফলাফল ঘোষণা করা হবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন চলাকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আতঙ্কিত না হয়ে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরুন।
নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।







