চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের শিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইরার মৃত্যু হয়। এর আগে গত শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, শিশুটির বাড়ি কুমিরা এলাকায়। উদ্ধারের স্থানটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ-সাত কিলোমিটার দূরে হওয়ায় পুলিশ ধারণা করছিল, কেউ তাকে প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে গেছে। উদ্ধারের সময় শিশুটির গলায় গভীর ক্ষত ছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল।

ঘটনার দিন সকালে ওই এলাকায় সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরা তাৎক্ষণিকভাবে নিজেদের কাপড় দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন এবং দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে এবং জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email