ভারতের পতিতালয় থেকে ৪ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পতিতালয় থেকে ৪ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পুনেতে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা পাঁচ বাংলাদেশিকে একটি পতিতালয় থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

বৃহস্পতিবার রাতে পুনের কুখ্যাত রেড-লাইট এরিয়া ‘বুধোয়ার পেঠ’-এর জনতা বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুনে সিটি পুলিশ।

উদ্ধারকৃতদের মধ্যে চারজন নারী রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, পাচারকারী চক্রটি বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পার করে এসব ভুক্তভোগীদের ভারতে নিয়ে আসে। এরপর তাদের বিউটি পার্লার বা দর্জির কাজের প্রলোভন দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অর্থের লোভ দেখিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছিল।

অভিযান পরিচালনাকারী পুনে পুলিশের উপ-কমিশনার (জোন ১) ঋষিকেশ রাওয়ালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফারাসখানা পুলিশ স্টেশনের একটি দল এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগীদের আটক রেখে তাদের আয়ের পুরো টাকাই আত্মসাৎ করত।

এ ঘটনায় ভুপসিং রাজপুত (২৮) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মামলার এজাহারে আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে একজন বাংলাদেশি ‘এজেন্ট’ মোল্লা, একজন ভবন মালিক এবং অপরজন বাবু ভাইয়া ওরফে পাপা শেখ।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-এর ১৪৩(১), ১৪৩(৩) ও ৩(৫) ধারা এবং ‘প্রিভেনশন অফ ইমমরাল ট্র্যাফিকিং অ্যাক্ট’-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীদের কখন এবং কীভাবে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে পাচার করা হয়েছে এবং এই চক্রের মূল হোতা কারা তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুনে পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email