বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী

বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী

দীর্ঘ দেড় দশকের দুঃশাসন ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

তিনি বলেছেন, বিগত দেড় দশকে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এ সময়ের এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা গণতন্ত্রকামী মানুষের রক্ত ঋণে প্রতিষ্ঠিত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজ থেকে আপনারা সবার, সংসদের অভিভাবক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। মানুষ এদিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। আমরা দেশ ও জনগণের স্বার্থে এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য নয়, শাণিত যুক্তিতর্কের মাধ্যমে প্রাণবন্ত করতে চাই। এ ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাধিক। সংসদ সদস্য হিসেবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email