নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বজনদের কবর জিয়ারত করেছেন।

প্রধানমন্ত্রী নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন। তিনি কবরস্থানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। জিয়ারতের সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে একই দিনে প্রধানমন্ত্রী সাহাপাড়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন এবং খালের পাড়ে গাছ রোপণ করেন। পরে তিনি পানিসম্পদ মন্ত্রণালয় ও দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশেও অংশগ্রহণ করেন।

সরকার নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় স্থানীয়দের সঙ্গে সংলাপ ও খালের অবস্থা পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে খাল সংরক্ষণ ও সুষ্ঠু বাস্তবায়নের নির্দেশ দেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email