
জাতীয় সংসদ অধিবেশনে এবার সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রথমবারের মতো তার জন্য প্রশ্নোত্তর পর্বে ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।
বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজকের দিনের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট সময় রাখা হয়েছে, যেখানে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
এর আগে প্রধানমন্ত্রীর জন্য সংসদে একটি নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে এক সংসদ সদস্য এই প্রস্তাব দেন। প্রস্তাবে উল্লেখ করা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন বিশেষ করে বুধবার প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে প্রশ্নটি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো জাতীয় সংসদে সরাসরি প্রশ্নের উত্তর দেবেন, যা সংসদীয় কার্যক্রমে একটি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।







