হজ ক্যাম্প ও শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

হজ ক্যাম্প ও শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন বেবিচক চেয়ারম্যান

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক রোববার আশকোনা হজ ক্যাম্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। আসন্ন হজ কার্যক্রমের প্রস্তুতি ও যাত্রীসেবার মান যাচাই করতে তিনি এই ঝটিকা সফর করেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি ও সেবার মান পর্যবেক্ষণ করেন। তিনি কাউন্টারে কর্মরত স্টাফদের সাথে কথা বলে সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। হজযাত্রীদের ভোগান্তি কমাতে এবং সেবা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজতর করতে তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। এ সময় তিনি যাত্রী হ্যান্ডলিং, বোর্ডিং প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা, ব্যাগেজ ব্যবস্থাপনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সময় ব্যবস্থাপনা এবং আন্তঃসংস্থার সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান আশা ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বছরের হজ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন্স) এয়ার কমডোর মো. মুকিত-উল-আলম মিঞা এবং প্রধান প্রকৌশলী মো. জাকারিয়া হোসেনসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email