ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৭

ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীর আলোচিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার সকালে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে র‍্যাব জানায়, অভিযান এখনো চলমান রয়েছে।

স্বল্প খরচে কিডনি চিকিৎসা ও প্রতিস্থাপনের জন্য পরিচিত অধ্যাপক ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে গত শুক্রবার চাঁদা দাবির ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পর ওই রাতেই কেন্দ্রীয় যুবদলের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তারা ঘটনাটি শুনে তাকে আশ্বস্ত করেন এবং বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।

এ ঘটনায় হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যুবদল নেতা মঈন উদ্দিনকে প্রধান আসামি করে আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়।

র‍্যাব জানিয়েছে, মামলার ভিত্তিতে মঈন উদ্দিনসহ সাতজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email