সারাদেশে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

সারাদেশে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

সারা দেশে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় এক কোটি ৭০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে সারা দেশে দুই লাখ ৮২ হাজার ৫১০টি কেন্দ্রে একযোগে টিকাদান শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ ধাপে ২ লাখ ৮২ হাজার ৫১০টি কেন্দ্রের মাধ্যমে দেশের ওয়ার্ড পর্যায়েও হামের টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে অস্থায়ী কেন্দ্র রয়েছে ১ লাখ ৩০ হাজার। ‍

কর্মসূচির প্রথম দিনই প্রায় ১১ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তিন সপ্তাহের এ কর্মসূচিতে টিকা পাবে মোট এক কোটি ৭০ লাখ শিশু।

হামের টিকাদান কর্মসূচি আগামী ৩ মে শুরু হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় সেটি ১৩ দিন এগিয়ে ২০ এপ্রিল করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের লক্ষণ নিয়ে দেশে দুই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ২২ হাজার শিশু।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা জানান, সোমবার থেকে তিন সপ্তাহে, অর্থাৎ ১১ কর্মদিবসে এক কোটি ৭০ লাখ ২১ হাজার ৯৩৮ জনকে টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম দিন টিকা পাবে ১১ লাখ ২৩ হাজার ৭৫৯ শিশু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email