কিছু মানুষ অনৈতিক ব্যবসা করায় তেলের সংকট-মির্জা ফখরুল

কিছু মানুষ অনৈতিক ব্যবসা করায় তেলের সংকট-মির্জা ফখরুল

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে তেলের সংকট নেই। তবে কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে বলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য সহায়তা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশে সরবরাহের জন্য তেলের সমস্যার সৃষ্টি হয়নি। এ সমস্যাটা তৈরি করা হয়েছে। কিছু মানুষ এখানে অনৈতিক ব্যবসা শুরু করেছে। যে ব্যবসাটা দেশের জন্য জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ তেল নিয়ে কালো বাজারে বিক্রি করছে, এটা করতে দেওয়া যাবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সরকার, আমাদের নেতা তারেক রহমান নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন। আমরা দেশের অর্থনীতি উন্নয়নের জন্য ইতোমধ্যে নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, সেগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছি। দেশের অনেক উন্নয়ন বাকি আছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রপিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ অনেক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email