দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের সক্রিয় ভূমিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের সক্রিয় ভূমিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের জেলা প্রশাসকদের (ডিসি) নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের ‘ফিল্ড অ্যাম্বাসেডর’, তাই তাদের দায়িত্ব হলো বাজারে কোনোভাবেই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়তে না দেওয়া।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ। আমরা সেই সব কিছু অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই।

ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময় দ্রুত পরিবর্তনশীল- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রশাসনের কাজকর্মকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করতে হবে। মাঠ পর্যায়ের প্রশাসনকে সেভাবেই নিজেদের প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি কৃষি খাত নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, কৃষকরা যেন সময়মতো সার, কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পান এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত হয়- এ বিষয়ে ডিসিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মোবাইল কোর্টের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল রোধে কঠোর নজরদারি চালাতে হবে এবং সাধারণ মানুষ যেন সরকারি সেবা গ্রহণে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এছাড়া সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ডিসিদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email