
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন। সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকে তালা দেন। এরপর তারা ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায় তালা দেন। এ সময় তারা ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’, ‘তুমি কে আমি কে, আমানতকারী আমানতকারী’, ‘হেয়ার কাট হেয়ার কাট, মানি না মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিল করেন আমানতকারীরা। এ সময় পর্যাপ্ত পুলিশ ছিল ঘটনাস্থলে।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিজেদের জমা করা অর্থ উত্তোলন করতে পারছেন না। স্বাভাবিক ব্যাংকিং লেনদেনও ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগেই আমানত ভাঙতে দেওয়া হচ্ছে না, এমনকি ২০২৮ সালের আগে টাকা উত্তোলন সম্ভব নয় বলেও জানানো হচ্ছে।
তাদের আরও অভিযোগ, ‘হেয়ার কাট’ পদ্ধতির মাধ্যমে আমানতের মুনাফা বা মূলধনের একটি অংশ কেটে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। এ কারণে তারা রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, ব্যাংক গ্রাহকরা নানা দাবিতে কর্মসূচি চালিয়েছে। আমাদের টিম সেখানে ছিল।







