চবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ‘আউটকাম বেজড এডুকেশন’ (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক দ্বিতীয় ওরিয়েন্টেশন সেমিনার বৃহস্পতিবার (৭ মে ) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গত ৩ মে থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম পদ্ধতি অনুসরণ করে পাঠদান শুরু হয়েছে। আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতায় আশা করি চবিতে ওবিই কারিকুলাম সফলভাবে বাস্তবায়ন হবে৷ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ওবিই কারিকুলামের বিকল্প নেই। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হলে আমাদের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতিতে এই পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। মাননীয় উপাচার্য সকলের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতি ও প্রশিক্ষক হিসেবে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন কারিকুলামের সফল বাস্তবায়নে কোর্স শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, শিখন-শেখানো এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।

সেমিনারে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের কোর্স পরিচালনার সাথে সংশ্লিষ্ট বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় একাডেমিক ক্যালেন্ডার, প্রথম সেমিস্টারের টাইমলাইন এবং কোর্স শিক্ষক সংশ্লিষ্ট জিআরআর বিষয়ে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email