
‘বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে। পারস্পরিক ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।’
স্থানীয় সময় সোমবার (১৮ মে) ওয়াশিংটনে থিংক ট্যাংক ‘আটলান্টিক কাউন্সিল’ আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ কথা জানান।
‘সবার আগে বাংলাদেশ’ নীতি সামনে রেখে দেশ পরিচালনার কথাও পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিএনপি সরকারের বিদেশ নীতিসহ সরকারের কার্যক্রম তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার নীতি খুব পরিষ্কার। যে কোনও কিছুতে প্রথমে এবং সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বাংলাদেশ। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এই অবস্থান থেকে বিএনপি সরকার কখনও সরে যাবে না।’
নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ বছর পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে।’
এ সফরে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের (ডিপার্টমেন্ট অব স্টেট) ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স (এসসিএ) এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গেও বৈঠক করেন।







