পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন।

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।

পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা।’

তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ‘ঈদ মুবারক’ জানিয়ে বিশ্ববাসীকেও পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের এ মহিমান্বিত উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন বার্তা বহন করে।

তিনি পোস্টে হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

এ সময় তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, ‘পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।’

পাশাপাশি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যও মহান আল্লাহর কাছে দোয়া করেন প্রধানমন্ত্রী।

বার্তার শেষাংশে তিনি বলেন, ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email