নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর নিম্ন আয়ের ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এক মানবিক কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

উপহার বিতরণকালে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে অসহায় ও অভাবী মানুষের হাতে বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দেন। মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই আয়োজনের মধ্য দিয়েই মূলত দেশজুড়ে দরিদ্র ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

দলীয় ও রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মানবিক উদ্যোগ কেবল একটি মাঠেই সীমাবদ্ধ থাকছে না। শহীদ জিয়ার স্মৃতি ও আদর্শকে স্মরণ করে আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৬টি নির্ধারিত স্পটে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে সরাসরি অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email