ঈদ পরবর্তী যাত্রী সেবা নিরাপদ করতে মাঠে বিআরটিএ চট্টগ্রাম বিভাগ

ঈদ পরবর্তী যাত্রী সেবা নিরাপদ করতে মাঠে বিআরটিএ চট্টগ্রাম বিভাগ

ঈদ-উল-আযহা পরবর্তী সময়ে যাত্রীসাধারণের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে সদ্য যোগদানকৃত বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান-এর জরুরী নির্দেশনায় গতকাল সকাল ১১.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত চট্টগ্রামের অলংকার, এ.কে. খান, বদ্দারহাট, নতুন চাঁদগাঁও থানা ও নতুন ব্রিজ এলাকার বিভিন্ন পরিবহন কাউন্টারে বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর নেতৃত্বে পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে বিভিন্ন পরিবহন কাউন্টারের ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার এবং কাউন্টার ম্যানেজারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষভাবে চালকদের পর্যাপ্ত বিশ্রাম গ্রহণের পর যানবাহন চালনা, অতিরিক্ত আত্মবিশ্বাস ও গতি পরিহার, বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা, মাদকাসক্ত বা মানসিক চাপ বা শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা, ট্রাফিক আইন ও সড়ক সংকেত মেনে চলা এবং নির্ধারিত স্থান ব্যতীত যাত্রী ওঠানামা না করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও হেল্পার ও সুপারভাইজারদের যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা, বাসের ছাদে যাত্রী বহন না করা, নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন না করা, চলন্ত যানবাহনে যাত্রী উঠানো-নামানো থেকে বিরত থাকা এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কাউন্টার ম্যানেজারদের সরকারি নির্দেশনা ও নির্ধারিত ভাড়া বাস্তবায়ন, সময়সূচি মেনে যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধ এবং চালক-সহকারীদের নিয়মিত তদারকির মাধ্যমে বিশ্রামের ব্যবস্থাসহ নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এসময় বিআরটিএ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email