আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার এক দিনের মাথায় প্রান্তিক ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ঘোষিত মূল্যবৃদ্ধি প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ফলে লাইফলাইন গ্রাহকদের (৫০ ইউনিট পর্যন্ত) বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা এবং ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য আগের নির্ধারিত ৫ টাকা ২৬ পয়সা হারই বহাল থাকবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির সচিব মো: নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আবাসিক লাইফ লাইন (শূন্য থেকে ৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (শূন্য থেকে ৭৫ ইউনিট) বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখা হয়েছে।

এতে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর আয় কমবে, যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি দেয়ার মাধ্যমে সমন্বয় করতে হবে বলে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইন শূন্য থেকে ৫০ ইউনিটের এনার্জি রেট বা চার্জ হবে ৪ দশমিক ৬৩ টাকা।

এছাড়া আবাসিক প্রথম ধাপের শূন্য থেকে ৭৫ ইউনিটের এনার্জি রেট বা দাম হবে ৫ দশমিক ২৬ টাকা।

এই আদেশ জুন মাসের বিল থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email