রাতে ফ্রান্স-সেনেগাল মুখোমুখি, সকালে নামছে আর্জেন্টিনা

রাতে ফ্রান্স-সেনেগাল মুখোমুখি, সকালে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের ‘আই’ গ্রুপে শুরু হচ্ছে জমজমাট লড়াই। মঙ্গলবার (১৬ জুন) রাতে মাঠে নামছে আসরের অন্যতম শিরোপাপ্রত্যাশী ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল ‘তেরেঙ্গা লায়ন্স’ খ্যাত সেনেগাল। নিউইয়র্ক-নিউজার্সিতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

একই গ্রুপে দিনের অন্য ম্যাচে ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাক মুখোমুখি হবে তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের নরওয়ের। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ৪টায়।

চারবার বিশ্বকাপের ফাইনাল খেলে দুইবার শিরোপা জেতা ফ্রান্স এবারের আসরেও অন্যতম ফেভারিট। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২২ আসরের রানার্সআপ দলটি শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রে। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও দেজিরে দুয়ের মতো তারকারা রয়েছেন। মাঝমাঠে আছেন অরেলিয়েন চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও এবং অভিজ্ঞ এনগোলো কান্তে।

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমের জন্য এবারের বিশ্বকাপ বিশেষ তাৎপর্যপূর্ণ। খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা থাকা দেশমের জন্য এটি জাতীয় দলের দায়িত্বে শেষ বিশ্বকাপ। বিদায়ের আগে আরও একবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছেন তিনি।

তবে সামনে রয়েছে অতীতের এক কঠিন স্মৃতি। ২০০২ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে সেনেগালের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল শিরোপাধারী ফ্রান্স। সেই ইতিহাস আবারও সামনে এলেও সেটিকে ‘প্রতিশোধ’ হিসেবে দেখছেন না দেশম।

তিনি বলেন, ‘এটা অতীতের ইতিহাস। আমার বর্তমান দলের বেশিরভাগ খেলোয়াড়ই তখন জন্মায়নি। ফুটবলে প্রতিশোধ বলে কিছু নেই।’

তবুও সেনেগালকে হালকাভাবে নিচ্ছেন না ফরাসি কোচ। তার মতে, ইউরোপের শীর্ষ লিগে খেলা মানসম্পন্ন খেলোয়াড়দের নিয়ে গড়া সেনেগাল যে কোনো সময় বিপদ তৈরি করতে পারে।

এদিকে ইরাককে নিয়ে বড় প্রত্যাশা না থাকলেও দলটি লড়াকু পারফরম্যান্স দেখাতে চায়। নরওয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টিকে থাকাই তাদের মূল লক্ষ্য।

অন্যদিকে, দক্ষিণ আমেরিকা ও লাতিন অঞ্চলের ফুটবলেও শুরু হয়েছে নতুন উত্তেজনা। বুধবার (১৭ জুন) সকালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ আফ্রিকার দল আলজেরিয়া।

এর আগে, লাতিন আমেরিকার চার দল মাঠে নেমে এখনো জয়হীন। ব্রাজিল ও উরুগুয়ে ড্র করলেও প্যারাগুয়ে ও ইকুয়েডর হেরেছে। ফলে আর্জেন্টিনার ওপর বাড়ছে প্রত্যাশার চাপ।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, অধিনায়ক লিওনেল মেসি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দুজনই খেলবেন প্রথম ম্যাচে।

মেসি প্রসঙ্গে তিনি বলেন, ‘সে সবসময় দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং এখন আরও বড় ভূমিকা রাখবে।’

চোট থেকে সেরে ওঠা মার্তিনেজও প্রস্তুত বলে জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে সে খেলবে।

আর্জেন্টিনার লক্ষ্য শিরোপা ধরে রাখার অভিযান জয় দিয়ে শুরু করা। তবে ১৯৭৪ বিশ্বকাপের একটি পুরনো লাতিন ব্যর্থতার স্মৃতি নতুন করে আলোচনায় এসেছে, যা প্রথম ম্যাচে তাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

সব মিলিয়ে বিশ্বকাপের ‘আই’ গ্রুপ ও লাতিন আমেরিকার প্রথম ম্যাচগুলো ঘিরে জমে উঠছে উত্তেজনা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email