খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে ‘চানাচুর’ বলে-প্রধানমন্ত্রী

খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে ‘চানাচুর’ বলে-প্রধানমন্ত্রী

সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য বিশেষ অর্থ বরাদ্দ রেখে যে গণমুখী বাজেট করা হয়েছে, সেই বাজেটকে কিছু কিছু মানুষ চানাচুর ও গণবিরোধী হিসেবে আখ্যা দিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার দুপুরে সিলেটের শ্রীমঙ্গলে আয়োজিত এক বিশাল ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের প্রচার সিলেটের মাটি থেকে শুরু হয়েছিল। হবিগঞ্জে ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন হলো।’

তিনি দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে আরও যোগ করেন, ‘মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে না পারলে সেটা কোনোভাবেই সম্ভব নয়।’

 

 

তিনি স্পষ্ট করে জানান, নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ডের কথা বলেছিল, যা নির্বাচনের পর এক মাস পার হওয়ার আগেই মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু করেছে প্রশাসন। বর্তমান সরকার মূলত সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে মনেপ্রাণে বিশ্বাস করে।

বাজেটের সমালোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কয়েকদিন ধরে দেশের বড় বড় পত্রিকাগুলো দেখুন। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা ও চিকিৎসাসহ অনেক জনকল্যাণমূলক ক্ষেত্রে বিপুল বরাদ্দ রেখেছে সরকার।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email