
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন-এমপি বলেছেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছিল। এরপর সরকারের ১২০ দিনের মধ্যে দেশের জনগণের মাঝে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ভাতা প্রদান শুরু করেছেন। তবে, ফ্যামিলি কার্ড কোন রাজনৈতিক দলকে বিবেচনায় এনে নয়। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে মূল্যায়নের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এতে দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান ধীরে ধীরে উন্নয়ন সাধিত হচ্ছে।
বুধবার (৩১ মে) দুপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে ৩নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বাজেট ঘোষণার পর একটি মহল মিছিল করেছে। অথচ চলতি মাসে ঘোষিত বাজেট অতীতের সমস্ত বাজেটকে পেছনে ফেলে গণমুখি বাজেটে পরিণত হয়েছে। ফলে এই বাজেটের প্রতি দেশের জনগণ আচ্ছা ফিরিয়ে এনেছেন। প্রতিবার বাজেটের পরে বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ে। অথচ এবারের বাজেটে শুধুমাত্র সিগারেট ও মদের দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে একটি মহলের মাথা ব্যাথার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমাদের সরকারের একজন মন্ত্রী বিভিন্ন বাজারে গিয়ে মনিটরিং করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে বাড়েনি তা সরকারকে নিশ্চিত করেছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সফিকুল আলম, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম-বিপিএম, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
উপজেলা প্রশাসন হাটহাজারীর আয়োজনে এবং
সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উক্ত অনুষ্ঠান শেষে ভার্চুয়ালী সংযুক্ত থাকা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রাম বিভাগের মধ্যে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ৫১৬ জন উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
মীর হেলাল বলেন,দায়িত্ব গ্রহণ এর পর হাটহাজারীতে অতীত যা হয়নি আমরা মাত্র ১২০ দিনে আমরা ১২৪ টি উন্নয়ন এর কাজ শেষ করেছি।আগামী দিনে হাটহাজারীতে আরো বেশী বেশী উন্নয়ন কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।







