আর্থিক সক্ষমতা ছাড়া নগরবাসীর প্রত্যাশা শতভাগ পূরণ করা কষ্টসাধ্য-সিটি মেয়র

আর্থিক সক্ষমতা ছাড়া নগরবাসীর প্রত্যাশা শতভাগ পূরণ করা কষ্টসাধ্য-সিটি মেয়র

২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র শাহাদাত হোসেন।
একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করেন মেয়র। এর পরিমাণ ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ টাকা। যদিও মূল বাজেট ছিল ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ বাজেট বাস্তবায়নের হার ৭৮ শতাংশ।

বাজেট অধিবেশনে মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করা তার লক্ষ্য। এ জন্য রাজস্ব আদায়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘নগরবাসীর একমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি করপোরেশন। একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। সামর্থ্যের মধ্যে সে প্রত্যাশা পূরণে সিটি করপোরেশন নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সদিচ্ছা থাকলেও আর্থিক সক্ষমতা অপ্রতুল। আর্থিক সক্ষমতা ছাড়া নগরবাসীর প্রত্যাশা শতভাগ পূরণ করা কষ্টসাধ্য। তাই নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হলে সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা বাড়াতে হবে।’
মেয়র বলেন, আমি ২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব নিয়েছি ৫৯৬ কোটি টাকা দেনা নিয়ে। বর্তমানে দেনার পরিমাণ কমে ৩৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
চলতি অর্থবছরে আয়কর বাবদ ৪৭ কোটি ৭৩ লাখ টাকা ও ভ্যাট বাবদ ৮৬ কোটি ৭৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সবক্ষেত্রে ইতিবাচক মনোভাব নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি।

তিনি জানান, বিএফআইডিসি সড়কে চসিকের মালিকানাধীন ৮ একর জমি এওয়াজ বদলের মাধ্যমে সেনাবাহিনীর উদ্যোগে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ৪৪টি আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমি ভালোবাসি। করপোরেশনের দেনা যত দ্রুত সম্ভব শূন্যের কোটায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই আমার লক্ষ্য।১২ জুলাই নগরবাসীর জন্য ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপস চালুর ঘোষণা দেন মেয়র।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email