বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী

দেশের সাইবার আইনকে বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ বিষয়ে আইনজীবীদের মতামত ও পরামর্শ দ্রুত গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও সেই আয়নাকে আরও নিখুঁত করতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। তার ভাষায়, বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড।

জহির উদ্দিন স্বপন বলেন, বিচার বিভাগ নিয়ে কাজ করা সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। সাধারণ নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিকেও প্রয়োজনে বিচার বিভাগের মুখোমুখি হতে হয়, যা এর স্বাধীনতা ও শক্তির প্রতীক।

তিনি আরও বলেন, আইন ও বিচারবিষয়ক সাংবাদিকদের প্রতিটি প্রতিবেদন জনমনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা এবং নির্ভুলতা নিশ্চিত করা প্রয়োজন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচারিত হওয়ায় সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি হতে পারে। এ কারণে সাংবাদিকদের দায়িত্ব হলো তথ্যের সত্যতা নিশ্চিত করে দায়িত্বশীলভাবে তা জনগণের সামনে তুলে ধরা।

তিনি বলেন, দেশ বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন ও পরিবর্তনশীল সময় অতিক্রম করছে। এই পরিবর্তনের সঙ্গে ভারসাম্য রেখে এগিয়ে যেতে হবে। অ্যানালগ থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের ফলে তথ্যপ্রবাহ ও প্রযুক্তির বিস্তার নতুন বাস্তবতা তৈরি করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর প্রসঙ্গ তুলে জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি নতুন সুযোগের পাশাপাশি নতুন চ্যালেঞ্জও সৃষ্টি করেছে। তাই পরিবর্তিত প্রযুক্তিনির্ভর বাস্তবতায় সাংবাদিকতাকে আরও দায়িত্বশীল, নির্ভুল এবং নৈতিকতার ভিত্তিতে পরিচালিত করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email