শিশুদের প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা শনাক্তকরণে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে মমতা’র সাথে চুক্তি সম্পন্ন

 শিশুদের প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা শনাক্তকরণে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে মমতা’র সাথে চুক্তি সম্পন্ন

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) উদ্যোগে ‘টিকাদানকারীর মাধ্যমে শিশুর প্রাথমিক চক্ষু পরীক্ষা-সুস্থ জীবন ও সুস্থ দৃষ্টির প্রতিশ্রুতি’ শীর্ষক প্রকল্পের আওতায় এনজিও সংস্থা মমতার সাথে অদ্য ১৪ জুলাই মঙ্গলবার চুক্তি সম্পন্ন হয়েছে।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ইপিআই টিকাদানকারীদের মাধ্যমে ০-১৫ মাস বয়সী শিশুদের চোখের সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসার আওতায় নিয়ে আসা, যাতে শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষিত থাকে এবং অন্ধত্ব প্রতিরোধ করা যায়। প্রকল্পটি জার্মানির কাকস্ আই ক্যান্সার ফাউন্ডেশনের সহযোগিতায় এবং রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশি সেন্ট্রাল-এর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এই কার্যক্রম বাস্তবায়ন করবে।
সিইআইটিসির মিটিং কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রকল্প আহ্বায়ক ডা. সোমা রানী রায় ও মমতার কনসালটেন্ট স্বপ্না তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, সিইআইটিসির কনসালটেন্ট ডা. ফারজানা আক্তার চৌধুরী, সিনিয়র এসিস্টেন্ট সার্জন (পেডিয়াটিক) ডা. অনন্যা সিনহা, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, প্রকল্পের সদস্য সচিব বোরহান উদ্দিন, জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. এসকান্দার হোসেন ওয়াসিম, মমতার প্রজেক্ট ম্যানেজার মো.মাহবুবুল করিম ও সহকারী পরিচালক (স্বাস্থ্য কর্মসূচি) প্রবীর কুমার দাশ। পাশাপাশি রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশি সেন্ট্রালের ফার্স্ট প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে ০-১৫ মাস বয়সী শিশুদের জন্য চক্ষু সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হওয়ায় জটিলতা অনেকাংশে কমে আসবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ডা. সোমা রানী রায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email