বৃহস্পতিবার রথযাত্রা, নগরে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা

বৃহস্পতিবার রথযাত্রা, নগরে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম নগরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর করা হবে। এ কারণে সম্ভাব্য যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।

বুধবার (১৫ জুলাই) সিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রথযাত্রা উপলক্ষে বিপুলসংখ্যক ভক্ত ও পূজারির অংশগ্রহণে নগরীতে তিনটি প্রধান রথযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাগুলো নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়, শ্রীশ্রী তুলসীধামের রথযাত্রা তুলসীধাম থেকে শুরু হয়ে রাইফেল ক্লাব, নিউমার্কেট, কোতোয়ালী মোড়, লালদীঘির পাড়, নবগ্রহবাড়ি, বক্সীহাট বিট, আন্দরকিল্লা, চেরাগী পাহাড় মোড়, প্রেস ক্লাব, কাজীর দেউড়ি, লাভলেইন মোড়, বৌদ্ধ মন্দির ও নন্দনকানন ঘুরে আবার তুলসীধামে ফিরে যাবে।

অন্যদিকে নন্দনকাননের শ্রীশ্রী রাধামাধব মন্দিরের (ইসকন) রথযাত্রা ডিসি হিল থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘির পাড়, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, আমতল ও বোস ব্রাদার্স মোড় হয়ে নন্দনকাননের ২ নম্বর গলির সামনে গিয়ে শেষ হবে।

এছাড়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), প্রবর্তকের রথযাত্রা প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকে শুরু হয়ে মিমি সুপার মার্কেট, প্রবর্তক মোড়, গোলপাহাড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী মোড়, কাজীর দেউড়ি, জামালখান (খাস্তগীর স্কুল), চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, বক্সীরহাট বিট, লালদীঘির পাড়, কোতোয়ালী মোড়, ইউটার্ন, লালদীঘির পেট্রোল পাম্প, সিনেমা প্যালেস ও বোস ব্রাদার্স মোড় হয়ে ডিসি হিলে পৌঁছাবে।

রথযাত্রা নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে নগরের বাদশা মিয়া রোডের মুখ, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর (রেডিসন ব্লু), নেভাল মোড়, নূর আহম্মদ সড়কের মাথা, এনায়েত বাজার মোড়, তিনপোলের মাথা, নিউমার্কেট, আলকরণ রোডের মুখ (জিপিও), কোতোয়ালী মোড়, লালদীঘির উত্তর পাড়, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা মোড়, গুডস হিলের মুখ, গনি বেকারি এবং সার্সন রোডের মুখে রোড ব্লক স্থাপন করে যানবাহনকে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করা হবে।

সিএমপি জানিয়েছে, রথযাত্রার রুটজুড়ে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাই নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email