গণতান্ত্রিক ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: ফখরুল

গণতান্ত্রিক ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স’ (ডাইরা) আয়োজিত তিন দিনব্যাপী ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬ (বিডিসি ২০২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। ছাত্র-জনতার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ও রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা দেশে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি ২০২৪ সালের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যেসব ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

মাঠপর্যায়ের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে উন্নয়নশীল দেশগুলোকে বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। তার ওপর বিগত দিনের দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে। তবে জনগণের সক্ষমতা কাজে লাগিয়ে ব্যাংকিং খাত সংস্কার, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে গতি ফেরানোর মাধ্যমে বাংলাদেশ দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে টেকসই করার বিষয়ে জোর দিয়ে মন্ত্রী জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবিধানিক সংস্কার বিষয়ে একটি সর্বজনীন ঐকমত্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হলে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা অপরিহার্য।

উল্লেখ্য, ‘বাংলাদেশ অ্যান্ড অ্যা চেঞ্জিং ওয়ার্ল্ড: আনচার্টেড টাইমস, ইমার্জিং অর্ডারস, অ্যান্ড দ্য পলিটিক্স অব কেয়ার’ প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, নীতিনির্ধারক, কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email