রোমান্টিক দৃশ্যে কার সঙ্গে ‘সমস্যায়’ পড়েন জয়া

রোমান্টিক দৃশ্যে কার সঙ্গে ‘সমস্যায়’ পড়েন জয়া

দীর্ঘদিনের বন্ধুত্বই কখনো কখনো অভিনয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমন অভিজ্ঞতার কথাই জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রিয় বন্ধু ও সহশিল্পী আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে মাঝে মাঝে কঠিন পরিস্থিতিতে পড়তে হয় তাকে।

জয়া বলেন, আবীরের সঙ্গে তার সম্পর্ক এতটাই স্বচ্ছন্দ ও বন্ধুত্বপূর্ণ যে, পর্দায় প্রেমের আবেগ তৈরি করতে কখনো কখনো বেগ পেতে হয়। তাদের দীর্ঘদিনের বোঝাপড়া ও ঘনিষ্ঠ বন্ধুত্বই এর কারণ বলে জানান তিনি।

টালিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে নিজের পছন্দের সহশিল্পী উল্লেখ করে জয়া বলেন, তার সঙ্গে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবীর একজন নির্ঝঞ্ঝাট ও ভদ্র মানুষ, যিনি ব্যক্তিগত ও পেশাগত জীবন সুন্দরভাবে সামলে চলেন বলেও প্রশংসা করেন তিনি।

জয়া ও আবীর একসঙ্গে অভিনয় করেছেন ‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’র মতো সিনেমায়। তাদের পর্দার রসায়ন দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।

সাক্ষাৎকারে প্রেম নিয়েও নিজের ভাবনা জানান জয়া। তিনি বলেন, পরকীয়া বা আপনকীয়ার মতো বিষয় দিয়ে প্রেমকে বিচার করেন না তিনি। তার কাছে প্রেম মানে ভালোবাসা ও আন্তরিকতা।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলীর সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’। এতে ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও অম্বরীশ ভট্টাচার্যসহ অনেকে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email