
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. মাহমুদুল মালেককে প্রেষণ থেকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর কমডোর ফজলার রহমানকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।অন্যদিকে, কমডোর মো. মাহমুদুল মালেককে বিএসসির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে প্রত্যাহার করে নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।







