
আগামী ৯আগস্ট ফটিকছড়ি সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান’র । এ উপলক্ষে উপজেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । সফরকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে সোমবার (০৩ আগস্ট) স্বাগত মিছিল, মতবিনিময় সভা এবং উপজেলা ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
পরিদর্শন শেষে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি। জিয়ার ঘাতক জেনারেল মঞ্জুরকে ফটিকছড়ির খৈয়া চা-বাগান এলাকা থেকে এ অঞ্চলের মানুষ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সম্প্রতি জাফতনগরে একটি অনুষ্ঠানে বলেছিলাম, আমি শপথ নেওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়িতে আসবেন। ইনশাআল্লাহ আগামী ৯ আগস্ট তিনি ফটিকছড়িতে পা রাখবেন বলে আমরা আশাকরি।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। দলীয় নেতা-কর্মীরা প্রস্তুতি সভা করছেন এবং ফটিকছড়িবাসী আনন্দ মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এলাকাকে একটি সমৃদ্ধি জনপদ হিসেবে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আমরা শতভাগ কাজে লাগাতে চাই।”
এমপি বলেন- তারেক রহমানের ৩১দফার আলোকে এ বাংলাদেশ বির্নিমান হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আবুল কালাম আজাদ, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, শহিদুল আজম চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।







