চন্দনাইশে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় দুই কর্মী গ্রেপ্তার

চন্দনাইশে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় দুই কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসন্ন ৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার বরমা ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ছাত্রলীগ নেতা জামশেদ (২২), তিনি জাহাঙ্গীর আলমের ছেলে এবং যুবলীগ নেতা মেহেদী হাসান শিফাত (২৩), তিনি কামাল উদ্দিনের ছেলে। তারা উভয়েই উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরমা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের অভিযোগ রয়েছে।
এদিকে, গ্রেপ্তারের সময় তারা মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। স্থানীয় ইউপি সদস্য আনিসুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এলাকাবাসীর কাছ থেকে শুনেছি তারা ইয়াবা সেবন করেছে। কিন্তু আমি তাদের কাছে ইয়াবা পাওয়া গেছে এমন কোনো বক্তব্য দিইনি। আমার বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের একাধিক ঝটিকা মিছিলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সঙ্গে গ্রেপ্তার দুইজনের উপস্থিতির ছবি ও ভিডিও পুলিশের কাছে রয়েছে। এসব তথ্যের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতামূলক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email