আনোয়ারার স্বাস্থ্যসেবা-টিকাদান কার্যক্রম পরিদর্শনে ডব্লিউএইচও

আনোয়ারার স্বাস্থ্যসেবা-টিকাদান কার্যক্রম পরিদর্শনে ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রধান (ভারপ্রাপ্ত) ডা. রাজেশ নারওয়াল চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিকাদান কার্যক্রম ও সংক্রামক-অসংক্রামক রোগের চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন।

সফরসঙ্গী হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় প্রতিনিধি ডা. ইমং প্রু চৌধুরী এবং জেলা প্রতিনিধি ডা. এফ এম জাহিদুল ইসলাম।

প্রতিনিধি দলটি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাঁদের স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী।

পরিদর্শনকালে ডা. রাজেশ নারওয়াল আনোয়ারা এলাকায় হামসহ অন্যান্য সংক্রামক রোগের বর্তমান পরিস্থিতি ও প্রাদুর্ভাব প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পরে তিনি হাসপাতালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) স্থায়ী কেন্দ্র ও কোল্ড রুম পরিদর্শন করে টিকা সংরক্ষণ ও কোল্ড চেইন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

এরপর তিনি হাসপাতালের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নার পরিদর্শন করেন এবং সেখানে নিজেও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুশৃঙ্খল পরিবেশ, ইপিআই কোল্ড চেইন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন ডা. রাজেশ নারওয়াল। এ সময় তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার প্রশংসা করেন।
উপজেলা পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, টিকাদান কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ভূমিকা রাখায় চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন এবং আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরীর সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডব্লিউএইচও
বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email