
চট্টগ্রামে প্রবাসী কিং একাডেমী কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজক প্রতিষ্ঠান চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার (সিএফটিসি) এর উদ্যোগে প্রতিযোগিতার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের সভাপতি মশিউল আলম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রতিযোগিতার চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব মো. আলিফ উদ্দিন রুবেল এবং সম্পাদক হিসেবে জনাব মো. জসিম উদ্দিন টিপু শাহ-কে মনোনীত করা হয়।
অনুমোদিত কমিটিতে চেয়ারম্যান ও সম্পাদক ছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—জনাব মোহাম্মদ গোলাম মাওলা, জনাব হুমায়ুন কবির সরকার, জনাব মোহাম্মদ ইব্রাহিম, মো. মেহেদী হাসান, জনাব মো. সোহেল রানা এবং জনাব মো. আজহার হোসেন বাতু।
আয়োজক কমিটি জানিয়েছে, অনূর্ধ্ব-১৪ বয়সী তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ, নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা এবং চট্টগ্রামে বয়সভিত্তিক ফুটবলের প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে নবনির্বাচিত কমিটির সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নবগঠিত কমিটির অনুমোদনের বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।







