
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্তৃক বাস্তবায়নাধীন “চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন” শীর্ষক প্রকল্পের খসড়া মহাপরিকল্পনার ওপর চলমান জনমত গ্রহণ কার্যক্রমের অংশ হিসেবে ১৮ আগস্ট মঙ্গলবার, বিকাল ৩.০০ ঘটিকায় চউক সভাকক্ষ চউক ভবন, চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম (এফপিসি)-এর অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর পক্ষ হতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চউক সার্বক্ষণিক সদস্য মোঃ জামিলুর রহমান ,চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টার প্ল্যান প্রণয়ন”প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃআবু ঈসা আনছারী।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম (এফপিসি)-এর পক্ষে উপস্থিত ছিলেন জেরিনা হোসেন, ফারুক আহমেদ, মোঃ শাহীনুল ইসলাম খান, ড. মোঃ মনজুরুল কিবরীয়া, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, মুহাম্মদ সিকান্দার খান, মোঃ জাফর আলম, এস এম শহীদ, এ বি এম এ বাসেত এবং তসলিমা মুনা।
সভায় মাস্টারপ্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আবু ঈসা আনছারী খসড়া মহাপরিকল্পনার ওপর একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনায় তিনি প্রকল্পের পটভূমি, পরিকল্পনা এলাকা, প্রণয়ন প্রক্রিয়া এবং খসড়া মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও প্রস্তাবনাসমূহ তুলে ধরেন।
উপস্থাপনা শেষে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রতিনিধিবৃন্দ খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাঁদের মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। চট্টগ্রামের দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহাপরিকল্পনাটি যাতে বাস্তবভিত্তিক, কার্যকর এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামতের প্রতিফলন ঘটিয়ে চূড়ান্ত করা হয়, সে বিষয়ে তাঁরা গুরুত্বারোপ করেন।
মতবিনিময়কালে খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন প্রস্তাবনা, নগরের ভবিষ্যৎ উন্নয়ন, পরিকল্পনা বাস্তবায়নের কার্যকারিতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পরিকল্পনাগত বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের পক্ষ থেকে উত্থাপিত মতামত ও সুপারিশসমূহ মহাপরিকল্পনা চূড়ান্তকরণের ক্ষেত্রে পর্যালোচনার জন্য বিবেচনায় নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, একটি কার্যকর ও বাস্তবসম্মত মহাপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, পেশাজীবী, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীজনের অভিজ্ঞতা ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খসড়া মহাপরিকিকল্পনার ওপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে পাওয়া যৌক্তিক ও বাস্তবসম্মত মতামত যথাযথভাবে পর্যালোচনা করে চট্টগ্রামের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে সরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিশেষে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সভায় অংশগ্রহণ এবং খসড়া মহাপরিকিকল্পনার ওপর মূল্যবান মতামত ও পরামর্শ প্রদানের জন্য পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রতিনিধিবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।






