
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জিইসি মোড় এসে শেষ হয়।
র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নির্মাণ ও মেরামতে যে ৩১ দফা দাবি দিয়েছিলেন তা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল কে আরও বেশী সংগ্রাম করতে হবে। যেকোন অন্যায়-অপকর্ম থেকে নিজেদের ও সংগঠনকে মুক্ত রাখতে হবে। সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর আমাদের আন্দোলন ছিল মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এখন সেই অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এবং রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব আমাদের সামনে এসেছে। রাষ্ট্র গঠনের এই আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। তাই স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে সৎ ও ভালো নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জনগণের পাশে দাঁড়াতে হবে এবং জনগণের সঙ্গে থাকতে হবে। জনগণের পাশে দাঁড়িয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম, জহিরুল ইসলাম টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, মো. আলমগীর, আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, ইফতেখার উদ্দিন নিবলু প্রমুখ।
মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী ব্যানার, ফ্যাস্টুন ও ঢাকঢোল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করে। এ সময় তাদের স্লোগানে স্লোগানে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।







