
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে “গাছ লাগান পরিবেশ বাঁচান” স্লোগানে ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ উদযাপন উপলক্ষে আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১২টায় চবি জিমনেশিয়াম প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও রোভার স্কাউট চবির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।
বৃক্ষরোপণ শেষে মাননীয় উপাচার্য বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পর্যাপ্ত বনাঞ্চল থাকা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের দেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে আমাদের আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। রোভার স্কাউটের পক্ষ থেকেও বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট চবির সম্পাদক ও চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল, শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক রুহুল আমিন খান, চবি রোভার স্কাউটের আরএসএল এস.এম. নঈম উদ্দীন, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রভাষক মো. আরিফুর রহমান, শরিফুল ইসলাম, রোভার সদস্য ও শারীরিক শিক্ষা বিভাগের প্রশিক্ষক নুসরাত জাহান তৃনা, সিনিয়র রোভার মেট শহিদুল ইসলাম সামি, পার্থিব বড়ুয়া ও ইসরাত জাহান ইপ্তি, রোভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ব্যক্তিবর্গ। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের রোপণ করা হয়।








