,

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করতে পারে: প্রধানমন্ত্রী

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করতে পারে: প্রধানমন্ত্রী

তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করতে পারে উল্লেখ করে ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশের যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঘোষিত এই তিন মাসব্যাপী অভিযানে দেশের বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সমন্বিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

অভিযানের অংশ হিসেবে সাধারণ মানুষকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হবে। দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় একটি দীর্ঘমেয়াদি ও সুসংগঠিত পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার।