,

সিলেট সফরে রাষ্ট্রপতির শাহজালাল-শাহপরাণ মাজার জিয়ারত

সিলেট সফরে রাষ্ট্রপতির শাহজালাল-শাহপরাণ মাজার জিয়ারত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি একদিনের সফরে সিলেট এসেছেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সে সিদ্ধান্ত সরকার নেবে: তথ্য উপদেষ্টা

তিনি বলেন, “মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন। এরপর হযরত শাহপরাণ (রহ.) মাজারও জিয়ারত করেছেন।”

এর আগে ওসমানী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অনেকে।

এদিকে রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে নগরীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দর থেকে সার্কিট হাউজে যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘‘রাষ্ট্রপতি বেলা সাড়ে তিনটায় নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। পরে রাত আটটার দিকে ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।’’

রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ। তার সফরের পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে ঘিরে এই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

সফরের দিন প্রায় ১ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ সদস্য অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

সোমবার দুপুরে রাষ্ট্রপতির সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।