
পার্বত্য চট্টগ্রামের লক্ষ্মীছড়ি জোনের বার্মাছড়ি এলাকার নারী, শিশুসহ চার ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম গ্রহণ করেছেন।
বুধবার (৭ অক্টোবর) ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসলামিয়ার জামে মসজিদে দাঁঈ ও সমাজসেবক আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর হাতে কালেমা পাঠের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম গ্রহণের পর তাদের নতুন নাম রাখা হয়, শিমুল কান্তি চাকমার নাম মোহাম্মদ ইউছুফ, জীবন চাকমার নাম মোহাম্মদ, মিনা চাকমার নাম আয়েশা এবং শিশু সুদত্ত চাকমার নাম আব্দুল্লাহ।
ইসলাম গ্রহণকারী শিমুল কান্তি চাকমা ওরফে মোহাম্মদ ইউছুফের পিতা ধনঞ্জয় চাকমা এবং মাতা ভানুপতি চাকমা। মিনা চাকমা ওরফে আয়েশা তার স্ত্রী। তার পিতার নাম রবি শান্তি এবং মাতার নাম গুরিমালা চাকমা। তাদের বাড়ি বার্মাছড়ি এলাকায়। শিশু সুদত্ত চাকমা ওরফে আব্দুল্লাহর পিতা শিমুল কান্তি চাকমা ওরফে মোহাম্মদ ইউছুফ।
অপর ইসলাম গ্রহণকারী জীবন চাকমা ওরফে মোহাম্মদের পিতা বরত চাকমা এবং মাতা ছকি চাকমা।
তারা পার্বত্য চট্টগ্রামের লক্ষ্মীছড়ি জোনের বার্মাছড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব হাসান ও রিপনের উদ্যোগ ও সহযোগিতায় তারা ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জানার পর ইসলাম গ্রহণে আগ্রহী হন বলে জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জাহেদুল্লাহ বিন হাজি ইউনুচ, মুফতি মিজানুর রহমান ইসলামাবাদী, মাওলানা এম নিজাম উদ্দিন, মাওলানা আইয়ুব, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা ইসমাইল হোসেন সিরাজি, মাওলানা আজগর সালেহী, মাওলানা নুরুল আবছার ও ক্বারি নাসির উদ্দীনসহ অন্যরা।
অনুষ্ঠানে ইসলাম গ্রহণকারীদের নতুন জীবনের জন্য দোয়া করা হয়।







