
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভুল চিকিৎসার অভিযোগ তুলে একটি বেসরকারি হাসপাতালে হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। এ ঘটনায় ভুল চিকিৎসায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি
। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল (পিএলসি)-এ এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত শিশুর নাম মো. রবিউল হাছান জুনায়েদ (৮)। সে সাতকানিয়া উপজেলার শীলকাঠা এলাকার মো. আরাফাতের ছেলে। পরিবারের সঙ্গে জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে সে আনোয়ারার বরুমছড়া ইউনিয়নে তার নানার বাড়িতে বসবাস করছিল।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেল ছয়টার দিকে বাড়ির পাশের এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় রবিউল আহত হয়। পরে তাকে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তিন দিন পর ড্রেসিং করানোর জন্য হাসপাতালে আসতে বলা হয় বলে পরিবারের দাবি।
নিহত শিশুর মামা মো. সাইফুল রহমান বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে নেওয়ার পর শিশুটিকে ওষুধ খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পর সে অস্বাভাবিকভাবে বমি করতে শুরু করে। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে পরিবারের সন্দেহ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হাসপাতালটিতে হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল বন্ধ করে চলে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল (পিএলসি) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।







