,

দূর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে, সতর্ক থাকতে হবে: শামীম

দূর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে, সতর্ক থাকতে হবে: শামীম

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও গুপ্ত সংগঠনের কেউ কেউ ধর্মীয় উৎসবকে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এ জন্য বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির নেতাদেরও সতর্ক থাকতে হবে।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন মঠ-মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে রাঙামাটি পার্বত্য জেলা বিএনপি।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপি সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে কোনো বিশেষ গোষ্ঠী নয়, সব মানুষ সমান সুযোগ পাবে। সবার অংশগ্রহণে রাষ্ট্র পরিচালিত হবে। প্রতিটি সমাজেই কিছু দুষ্ট লোক থাকে। তারা যেন মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এ জন্য সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মীয় পরিচয় কারও অধিকার কিংবা সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতার বিষয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপির কমিটির সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সমন্বয় করতে হবে। মন্দির ও পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বৈঠক করে সমস্যা চিহ্নিত ও সমাধানে উদ্যোগ নিতে হবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ,
রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, নন্দিতা দাশ, স্বপন মহাজন, দয়াল দাশ, সুব্রত দে, সান্টু চৌধুরী, নন্দন দেব নাথ, আশীষ চৌধুরী, অমিত দাশ,রাজু শীল, রাজন রক্ষিত ও সুজন নন্দীসহ বিএনপি ও সনাতনি নেতৃবৃন্দ।