,

বৈদিক ৯২-এর মানবিক স্পন্দন : পার্বত্য অঞ্চলে অনাথ শিশুরা পেল প্রাক্-শারদীয় উপহার

বৈদিক ৯২-এর মানবিক স্পন্দন : পার্বত্য অঞ্চলে অনাথ শিশুরা পেল প্রাক্-শারদীয় উপহার

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া সনাতন ঋষি অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছে ‘বৈদিক ৯২’। ১৯৯২ সালের এসএসসি ব্যাচের সনাতনী বন্ধুদের এই সামাজিক সংগঠনের উদ্যোগে শিশুদের মাঝে নতুন পোশাক, শিক্ষাসামগ্রী ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। সংগঠনের সদস্য বিজয় শর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের এডমিন কুন্তল নন্দী, মডারেটর দেবব্রত নাথ রানা, বিকাশ রায় ও অনুশ্রী মজুমদার, সদস্য বিদ্যুৎ ধর, শিপ্রা ভট্টাচার্য এবং সাবেক এডমিন লায়ন লিটন কান্তি দাশ।
বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন থেকে বৈদিক ৯২ প্রতিবছর এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করে তাঁরা আশ্রমের শিশুদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
সভাপতির বক্তব্যে শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ ধর্মীয় বিভিন্ন উপমার আলোকে বৈদিক ৯২-এর এই সমাজসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন। সংগঠনের সব সদস্যের প্রতি আশীর্বাদ ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, “মানবসেবাই পরম ধর্ম। বৈদিক ৯২ যেভাবে শিশুদের মুখে হাসি ফুটিয়েছে, তা সত্যিই অনুকরণীয়।” তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মহৎ ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। বৈদিক ৯২-এর সদস্যবৃন্দ দেবশিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। একই সঙ্গে শারদোৎসব চলাকালীন শিশুদের আহারের ব্যবস্থা করা হয়।