
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর আকস্মিক উপস্থিতি ও উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সড়কপথে রংপুর যাওয়ার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। এ সময় গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন, সেলফি তোলেন এবং বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।
শিক্ষার্থীদের দেখে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি থামানোর উদ্যোগ নেন। এরপর তাদের সঙ্গে ছবি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে আনন্দিত হন শিক্ষার্থীরা।
সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
পরে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন। সবশেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।







