,

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এর আগে রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় রাতভর অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদকদ্রব্যসহ ৮৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি জানিয়েছে, অভিযান চালানো বাড়িটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার মাধ্যম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে বাড়িটিতে অভিযান শুরু করে ডিবি। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জব্দ করা সিনথেটিক মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।