
প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। নগরের আন্দরকিল্লায় ঐতিহাসিক জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শাহ আমানতে অবতরণ করে। এর আগে রাজশাহীর কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রামের সংসদ সদস্যরা।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে জেএম সেন হলের আশপাশের সড়কে, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সামনে, লালখানবাজার মোড়ে অপেক্ষা করছেন হাজারো মানুষ। সড়কে রঙিন আলোর ফোয়ারা, সবুজের সমারোহ মিলে চট্টগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে।
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি।







