,

এক মাসের মধ্যেই ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষার সুযোগ

এক মাসের মধ্যেই ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষার সুযোগ

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করেছে, তাদের আর এক বছর অপেক্ষা করতে হবে না; বরং আগামী এক মাসের মধ্যেই কেবল অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগ পাচ্ছে তারা।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন পরীক্ষার্থীদের জন্য এই নতুন ও যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান।

 

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক এবং দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীর সংখ্যা মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। নতুন এই উদ্যোগের ফলে বিপুলসংখ্যক এই শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে।

উল্লেখ্য, প্রচলিত নিয়ম অনুযায়ী বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলোতে কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পুনরায় পরীক্ষায় বসার জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়। পরবর্তী বছরের পরীক্ষার্থীদের সঙ্গে তাদের ওই অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে বা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

মাত্র একটি বা দুটি বিষয়ে খারাপ করার কারণে দীর্ঘ এক বছর নষ্ট হওয়ায় শিক্ষার্থীরা যেমন শিক্ষাজীবনে পিছিয়ে পড়ে, তেমনি তাদের ওপর মারাত্মক মানসিক চাপও তৈরি হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার এই নতুন সিদ্ধান্ত শিক্ষার্থীদের সেই এক বছরের দীর্ঘ অপেক্ষা ও মানসিক চাপ থেকে মুক্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।