,

খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি ভবনের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু

খাগড়াছড়িতে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি ভবনের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ শুক্রবার খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ায় অবস্থিত ‘বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো : জাদি’ ভবনের প্রথম ধাপের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি।
ঢালাই কাজের পাশাপাশি দেশ ও জাতির সার্বিক মঙ্গল, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে এক বিশেষ ধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মন্ত্রী সাচিং প্রু এমপি’র সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।
সকাল থেকেই সাতভাইয়া পাড়ার জাদি প্রাঙ্গণে ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ভবনটির ঢালাই কাজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
পরবর্তীতে আয়োজিত ধর্মীয় প্রার্থনা সভায় বাংলাদেশের অব্যাহত অগ্রগতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পার্বত্য অঞ্চলসহ সমগ্র দেশের মানুষের সুখ-শান্তি ও শুভ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। মন্ত্রী ও উপস্থিত সংসদ সদস্যরা ভক্তদের সাথে নিয়ে এই ধর্মীয় প্রার্থনায় অংশগ্রহণ করেন। পরে বেলুন উড়িয়ে ভবনটির ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, সাতভাইয়া পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী এই ‘বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোগো : জাদি’র প্রতিষ্ঠাতা হলেন বান্দরবানের ক্যলমংপাড়ার অধিবাসী উক্যচিং মার্মা, যিনি স্থানীয়ভাবে কেতু মার্মা নামে পরিচিত।
ধর্মীয় প্রার্থনা ও ঢালাই কাজ শেষে পরিবেশ সুরক্ষা ও শান্তির প্রতীক হিসেবে মন্ত্রী সাচিং প্রু এমপি উপস্থিত তিন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে জাদি প্রাঙ্গণে নাকশা ফুলের বৃক্ষের চারা রোপণ করেন।
পরে মন্ত্রী সাচিং প্রু খাগড়াছড়ি সদরে ইংলিশ ভয়েস স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।