,

সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে হবে বিএনপির বিজয় মাসের সমাবেশ

সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে হবে বিএনপির বিজয় মাসের সমাবেশ

বিজয় মাস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আয়োজিত উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের নতুন স্থান নির্ধারণের বিষয়টি জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত পরশুদিন আমরা সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের কথা ঘোষণা করেছিলাম। কিন্তু সেখানে বর্তমানে উন্নয়ন ও বৃক্ষকেন্দ্রিক বিন্যাসের কাজ চলায় সমাবেশ করা সম্ভব হচ্ছে না। তাই আগামী ১ ডিসেম্বর বিজয় মাসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশটি নয়াপল্টনে পার্টি অফিসের সামনের রাস্তায় অনুষ্ঠিত হবে।

তিনি জানান, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে পশ্চিমমুখী করে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হবে। মঞ্চের সামনের অংশ থাকবে বিজয়নগরের দিকে।

সংবাদ সম্মেলনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান রিজভী। তাঁর অভিযোগ, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। কিন্তু বেআইনি অস্ত্র নিয়ে যারা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও সক্রিয় হতে হবে। তাদের এই নিষ্ক্রিয়তা নিয়ে আজ সবার মনে প্রশ্ন উঠেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সার্বক্ষণিক তৎপরতা না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে আমরা রাজনৈতিক কর্মসূচি বলে মনে করি না।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।