
চট্টগ্রামের রাউজানে ২৯টি ইটভাটার মধ্যে ২৮টিরই বৈধতা নেই বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানের প্রথম দিন দুটি ইটভাটাকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে অভিযানের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা চালু থাকলেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রশাসনের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ইটভাটার মালিকদের একাংশ।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের শুরুতে উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায় মোহাম্মদ সেলিমের মালিকানাধীন ভাই ভাই ব্রিকসে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ইটভাটাটির চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল এলাকায় মোহাম্মদ আজমের মালিকানাধীন বিএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রাহাতুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক চন্দন বিশ্বাস উপস্থিত ছিলেন। অভিযানে এসআরবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে ইউএনও এস.এম. রাহাতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পাহাড়ি এলাকায় ইটভাটা পরিচালনার অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভাই ভাই ব্রিকসের চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে বিএমবি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ক্ষতি করে কাউকে ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক চন্দন বিশ্বাস জানান, রাউজানে মোট ২৯টি ইটভাটার মধ্যে মাত্র একটির বৈধতা রয়েছে। বাকি ২৮টি ইটভাটাই অবৈধ। কয়েকটি প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করলেও সেগুলোর বিষয়ে সরেজমিনে জরিপ চলছে। কাঠ পোড়ানোসহ পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে বৈষম্যের অভিযোগ:
এদিকে অভিযানে ক্ষতিগ্রস্ত ইটভাটার মালিক হাজী মোহাম্মদ শফি ও মো. ইব্রাহিম কোম্পানি ক্ষোভ প্রকাশ করে বলেন, মেলুয়া, আলিখীল ও কলমপতিতে অভিযান চালানো হলেও বৃন্দাবন এলাকায় অবৈধভাবে পরিচালিত অন্তত ১০টি ইটভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, এসব ইটভাটার বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এমনকি জ্বালানি হিসেবে কাঠও পোড়ানো হচ্ছে।
তাঁরা বলেন, একই ধরনের অপরাধে কেউ অভিযানের মুখে পড়ছেন, আবার কেউ ধরাছোঁয়ার বাইরে থাকছেন। এটি স্পষ্ট বৈষম্য। প্রশাসনের কাছে আমাদের দাবি, কোনো ধরনের পক্ষপাত না করে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে সমানভাবে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
কোথাও অভিযান, কোথাও নীরবতা—এক উপজেলায় দুই আইন?
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, রাউজানে কোথাও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের নীরবতা লক্ষ করা যাচ্ছে। একটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও পাশের ইটভাটায় অভিযান না চালানোর বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
তাঁদের প্রশ্ন, একই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইন প্রয়োগে এমন ভিন্নতা কেন? যেসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশদূষণ, অবৈধভাবে পরিচালনা ও কাঠ পোড়ানোর অভিযোগ রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও সমানভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?
স্থানীয় সচেতন মহলের মতে, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অবশ্যই জরুরি। তবে এ অভিযান হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বৈষম্যহীন। কোনো নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে অন্য এলাকায় একই অপরাধকে উপেক্ষা করা হলে প্রশাসনের কার্যক্রমের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ এবং পরিবেশদূষণ বন্ধে প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপই এখন রাউজানবাসীর প্রত্যাশা।







