চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরের পর ১৬ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার কেউ ঠেকাতে পারবে না। তিনি অভিযোগ করেন একটি দল নিশ্চিত পরাজয় জেনে বিএনপি কর্মীদের প্রলোভনে ফেলার ফাঁদ এঁটেছে। যাতে রায় তাদের পক্ষে যায়। তিনি নেতা-কর্মীদের অতীতের মতো দলের প্রতি সম্পূর্ণ আনুগত্য রেখে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ওই চিহ্নিত দলের ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র সম্পর্কে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। এরশাদ উল্লাহ আরও বলেন, নির্বাচিত হলে সিটি মেয়রকে সাথে নিয়ে এলাকার জলাবদ্ধতা নিরসনসহ রাস্তাঘাট, মসজিদ, মন্দিরের উন্নয়নে কাজ করে যাবো। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।
আজ ২ফেব্রুয়ারি সোমবার পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। পাঁচলাইশ ৩নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম আইয়ুব খানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল কাদের জসিম, সদস্য সচিব মোঃ ইউসুফ, শাহজাহান চৌধুরী, শামসুল আলম, মোঃ ইসমাইল, মহিলাদল সভানেত্রী আফরোজা বেগম বিথী, মোঃ আবদুর রহিম, মোঃ ইলিয়াছ, আবুল কালাম আবু, খোরশেদ, ইসমাইল বালি, আবদুল হালিম, হাছান, মাহবুব, আতিক, রুবেল প্রমুখ। এরশাদ উল্লাহ দিনব্যাপী আতুরার ডিপো জনতা ব্যাংক চত্বর, জাহানপুর, কামরাবাদ বনানী হাউজিং, মুরাদনগর, হাজীপাড়া, বানিয়াপাড়া বারিক শাহ মাজার, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ, নয়াহাট, নজরা পুকুরপাড়, ভোলাগঞ্জ, চালিতাতলী, দারোগাবাড়ী, ফকিরাবাদ ভক্তপুর, পশ্চিম শহীদনগর, আরবান প্রাইমারি হাউজিং, তৈয়বিয়া হাউজিং সোসাইটি, পাঠানপুর, অক্সিজেন মোড়ে পৃথক পথসভা ও গণসংযোগ করেন।