পীরগঞ্জে ব্যতিক্রমী চাকরি মেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে ব্যতিক্রমী চাকরি মেলা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী ব্যতিক্রমী ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ও প্রাণ-আরএফএল গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেলায় স্থানীয় শতাধিক বেকার তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

মেলায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত থেকে সরাসরি চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকার দিয়ে ক্যারিয়ার গঠনের পরামর্শ নেওয়ার সুযোগ পান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন।

তিনি বলেন, চাকরি মেলার মাধ্যমে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, মেলার মাধ্যমে অনেক প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। পরবর্তী সময়ে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মেলায় অংশ নেওয়া একাধিক বেকার যুবক জানান, স্থানীয় পর্যায়ে এমন সুযোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। এ আয়োজন ঘিরে স্থানীয় বেকারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email